উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর এবং শনিবার দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী নদীবন্দরকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে৷
লঘুচাপের প্রভাবে শুক্রবার (৩ জুলাই) সকাল থেকেই পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর উপকূল এলাকায় ছিল পরিবর্তনশীল আবহাওয়া।
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছে এবং রাঙ্গাবালীর অনেক স্থানেই মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। নদ-নদী স্বাভাবিক থাকলেও গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে এবং পটুয়াখালী নদীবন্দরকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।



