কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে জমজ দুই (সহোদর) শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু দুই হলো— আলী ও অলী (৪)। তারা পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা গ্রাম থেকে আলী ও অলী তাদের মায়ের সাথে জিরুইন গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জাকির হোসেন জানান, শিশু দু’টি খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, এখন পর্যন্ত ঘটনাটি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। জানানো হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



