রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত নগর সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে প্রত্যেককে নিজ নিজ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো অবহেলা করা যাবে না। ভালো কাজের জন্য রয়েছে পুরস্কার।
রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন এ দেশটাকে এগিয়ে নিতে। তিনি আমাকে এ মহানগরীর উন্নয়নে কাজ করার দায়িত্ব প্রদান করেছেন। আপনাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন করতে চাই।
তিনি আরো বলেন, নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আপনাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এ নগরী হয়ে উঠবে দেশের অন্যতম সুন্দর নগরী।
তিনি আরো বলেন, নতুন নতুন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে আপনাদের ভূমিকা অপরিসীম। নাগরিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আগামীতে সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হবার পরামর্শ প্রদান করেন তিনি।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজশাহী মহানগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।
সভায় রাসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



