টাঙ্গাইলের ভূঞাপুরে জ্বালানি তেল সরবরাহে যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়ার অভিযোগে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জাহিদ অ্যান্ড সন্স ও গাড়ি চালককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
তিনি বলেন, ‘জ্বালানি তেল সরবরাহে অবহেলা, অসতর্কতা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার দায়ে মেসার্স জাহিদ অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা এবং জ্বালানি প্রক্রিয়াকরণ সংক্রান্ত উপযুক্ত কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হওয়ায় তেলবাহী যানবাহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা।



