কাউখালীতে ২ উন্নয়ন প্রকল্প উদ্বোধন গৃহায়ণ প্রতিমন্ত্রীর

শুক্রবার বিকেলে উপজেলার সন্ধ্যা নদীর আমরাজুড়ি ফেরিঘাটের উত্তর ও দক্ষিণপাড়ে ভাঙন রোধে জিওব্যাগ ফেলে প্রাক প্রতিরক্ষা কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন গৃহায়ণ প্রতিমন্ত্রী
উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন গৃহায়ণ প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীর দু’টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর।

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার সন্ধ্যা নদীর আমরাজুড়ি ফেরিঘাটের উত্তর ও দক্ষিণপাড়ে ভাঙন রোধে জিওব্যাগ ফেলে প্রাক প্রতিরক্ষা কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এর আগে তিনি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের কারিকর খালের ওপর কালভার্ট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

সন্ধ্যায় কাউখালী বিএনপি আয়োজিত মহান মে দিবসের শ্রমিক সমাবেশে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল যে দেশের তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।’

তিনি আরো বলেন, ‘উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নে আমরা কাজ করছি। দুর্যোগে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার নানা উন্নয়ন কর্মসূচি বিশেষ করে খাল খনন, বেহাল সড়ক উন্নয়ন, সেতু, কালভার্ট নির্মাণসহ নদী ভাঙন রোধে সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন কল্পে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। সে সাথে কৃষি উন্নয়নসহ আপামর শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তিতে কাজ করছে সরকার।’

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত কর্মসূচির আলোকে তার দিক নির্দেশনায় গৃহিত কর্মসূচি জনস্বার্থে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার মো: মফিজুর রহমান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।