ভূমিখাতের সমস্যা দূরীকরণে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

‘ভূমিসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু |নয়া দিগন্ত

ভূমি-সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হলো সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা।

তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে। যেখানে যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরো বলেন, ভূমিসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন।

এছাড়া রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টরসহ উত্তরের শিল্প ঘন পরিবেশ সৃষ্টি করা হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।