সিলেট নগরীর সবচেয়ে বড় সরকারি মিলনায়তন রিকাবীবাজারের অডিটরিয়াম সতের বছর পর আবার সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (এমপি) অডিটরিয়াম পরিদর্শনকালে এ তথ্য জানান।
২০০৯ সালে তৎকালীন সরকার অডিটরিয়ামটির নাম পরিবর্তন করে ‘কবি নজরুল অডিটরিয়াম’ নামে নামকরণ করেছিল। তবে প্রায় ১৭ বছর পর সরকারি এই মিলনায়তনটির নাম আবার এম সাইফুর রহমানের নামে ফিরছে।
পরিদর্শনকালে মীর শাহে আলম (এমপি) জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে থাকা অডিটরিয়ামটির সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে সংস্কারের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আমরা এম সাইফুর রহমান অডিটরিয়ামের নাম বড় করে লেখা এবং যথাযথভাবে হাইলাইট করার পরিকল্পনা করেছি। যদি অতিরিক্ত ব্যয় হয়, তাতেও সমস্যা নেই।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বর্তমানে অডিটরিয়ামটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আছে কিন্তু পর্যাপ্ত তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওতায় আনা প্রয়োজন। মন্ত্রী এই প্রস্তাবে সম্মতি প্রদান করেন।’
অডিটরিয়ামের সংস্কার ও নাম পরিবর্তনের এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন যে, এটি সিলেটের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের মান বৃদ্ধি করবে।



