খুলনা জেলার পাইকগাছার বাঁকা বাজারে নতুন ব্রিজ ও বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বাঁকা ও দরগাহপুর এলাকার সাধারণ জনগণের অংশগ্রহণে অবিলম্বে টেকসই বাঁধ ও নতুন ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়।
মূলত এ ব্রিজটি পাইকগাছা থানার অন্যতম বৃহৎ বাজার বাঁকার সাথে পাশের ছয় থেকে সাতটি ইউনিয়নের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম।
মানববন্ধনে বক্তারা বলেন, বাঁকা বাজার এই এলাকার অর্থনীতির প্রাণকেন্দ্র কিন্তু নদী ভাঙ্গনে বাঁকা বাজারের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় অনতিবিলম্বে নতুন ব্রিজ ও বাঁধ নির্মাণের দাবি জানানো হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরাম, ঢাকা -এর আহ্বায়ক মো: আব্দুর রশিদ। বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো: ফোরকান আলী। ব্যবসায়ী নেতা মো: আশরাফুল ইসলাম আশা, সাবেক ছাত্রনেতা হাসানুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক ওয়াহিদ জামান, সাংবাদিক জাহিদুল ইসলাম তোতা, সাংবাদিক নেতা আসাদুজ্জামান মুকুল, বিশিষ্ট সমাজসেবক শেখ ফিরোজ, মাস্টার শেখ কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব নেতা শেখ মহিবুল্লাহ।



