গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ কথিত দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।
গ্রেফতাররা হলেন উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে মো: শাহজাহান আলী (৪৪) ও একই গ্রামের মরহুম ইসমাইল হোসেনের ছেলে মো: মানিক মৃধা (৪২)।
পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে উপজেলার বোনারপাড়া সিএনজি স্টান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজাহান আলী ও মানিক মৃধাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক দেহ তল্লাশি চালিয়ে শাহজাহান আলীর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে এক গ্রাম এবং মানিক মৃধার প্যান্টের ডান পকেট থেকে এক গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ছয় হাজার টাকা।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদককারাবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার শাহজাহান আলীর বিরুদ্ধে এর আগে মাদক আইনে দু’টি মামলা রয়েছে। অপরদিকে মানিক মৃধার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা এবং একটি প্রতিরোধমূলক গ্রেফতারের রেকর্ড রয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



