লক্ষ্মীপুরে ৪ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ খোরশেদ, অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

ঘটনার দিন খোরশেদকে তার ভাই তোফায়েল আহম্মদ ঘর থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে বের হয়। এক সপ্তাহ পর তোফায়েল বাড়িতে ফিরলেও খোরশেদ বাড়িতে ফেরেনি। এতে শিল্পি তার স্বামীর কথা জিজ্ঞেস করলে তোফায়েল রূঢ় আচরণ করে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
নিখোঁজ বৃদ্ধ খোরশেদ আলম
নিখোঁজ বৃদ্ধ খোরশেদ আলম |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে প্রায় চার মাস ধরে খোরশেদ আলম (৬২) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

তাকে খুঁজে না পেয়ে মঙ্গলবার (১০ মার্চ) তার স্ত্রী আকলিমা আক্তার শিল্পি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে স্বামীর নিখোঁজের ঘটনায় শিল্পি তার ভাসুর তোফায়েল আহমেদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

নিখোঁজ খোরশেদ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে। গত ২৫ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২২ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হয়ে খোরশেদ নিখোঁজ হন। পরে তার স্ত্রী আকলিমা আক্তার শিল্পি চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরও খোরশেদকে না পাওয়ায় ১০ মার্চ শিল্পি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে শিল্পি উল্লেখ করেন, ঘটনার দিন খোরশেদকে তার ভাই তোফায়েল আহম্মদ ঘর থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে বের হয়। এক সপ্তাহ পর তোফায়েল বাড়িতে ফিরলেও খোরশেদ বাড়িতে ফেরেনি। এতে শিল্পি তার স্বামীর কথা জিজ্ঞেস করলে তোফায়েল রূঢ় আচরণ করে এবং তাকে পাগল আখ্যা দেয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও স্বামীকে না পেয়ে শিল্পি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে স্বামীকে না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে শিল্পি দাবি করেন, তোফায়েলের হোটেল ম্যানেজার রহিম, কাশেম, শিবলু বলাবলি করছে খোরশেদকে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় জিডি বা বাড়াবাড়ি করলে খোরশেদের ছেলেমেয়েকে তোফায়েল বাড়িতে থাকতে দেবে না এবং হত্যা করবে বলে হুমকি দিয়েছে। খোরশেদকে সরিয়ে বা গুম করে তোফায়েল আমাদের মালিকানাধীন জমির গাছপালা কেটে বিক্রি করে দিচ্ছে। এতে বাধা দিতে গেলে শিল্পির চোখ খুলে ফেলার হুমকি দেয় তার ভাসুর তোফায়েল।

এ ব্যাপারে জানতে তোফায়েল আহমেদের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছাব্বীর হোসেন পাটোয়ারী বলেন, খোরশেদের নিখোঁজের ঘটনায় সন্দেহজনকদের নাম দিতে বলেছি। এছাড়া আমরা তাকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাটির তদন্ত চলছে।