লালমনিরহাটে অনলাইন জুয়া ও ডিজিটাল মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। অভিযানে জুয়ার কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ১২টার দিকে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
অভিযানের লিটন মিয়া (২৯) ও সাব্বির হোসেনকে (২১) আটক করা হয়। এ সময় জনি (৩৫) নামে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে পুলিশের আরেকটি দল মোগলহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজু (২০), ফিরোজ ইসলাম (১৮), আসাদুজ্জামান ওলি (১৯) ও মিলন মিয়াকে (২৪) আটক করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম জানান, আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য পাওয়া গেছে। এছাড়া বিকাশ ও নগদসহ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্তে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।



