মাদকমুক্ত সমাজ গঠনে বোরহানউদ্দিনে জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত এ সভা ও র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

Location :

Bhola
উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত র‍্যালি
উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত র‍্যালি |নয়া দিগন্ত

ভোলার বোরহানউদ্দিনে মাদকমুক্ত সমাজ গঠন, শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা নিয়ে জনসচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত এ সভা ও র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদফতর ভোলা জেলার উপপরিচালক মো: রোকন উদ্দিন ভূঞা এবং অনুষ্ঠান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: খবির হোসেন চৌধুরী।

এ সময় হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া আজমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, ‘মাদক একটি সমাজকে ধ্বংস করে দেয়। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার যুবসমাজের উপর। তাই যুবকদের মাদক থেকে দূরে থেকে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ওসি মনিরুজ্জামান মনির বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। যুবসমাজ এগিয়ে এলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।’

সভাপতির বক্তব্যে উপপরিচালক রোকন উদ্দিন ভূঞা বলেন, ‘যুব উন্নয়ন অধিদফতর যুবকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।’

সভা শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে সমাজে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে র‍্যালি বের করেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন সড়ক অতিক্রম করে উপজেলা প্রশাসনের সামনে এসে র‍্যালিটি শেষ হয়।