চুয়াডাঙ্গায় গণপরিবহন কর্মীদের ডোপ টেস্ট শুরু

রয়েল এক্সপ্রেস, পূর্বাশা, জে আর, চুয়াডাঙ্গা ডিলাক্স, গোল্ডেন লাইন ও বিআরটিসিসহ বিভিন্ন রুটের চালক ও কর্মচারিদের পর্যায়ক্রমে এই পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
গণপরিবহন কর্মীদের ডোপ কার্যক্রম
গণপরিবহন কর্মীদের ডোপ কার্যক্রম |নয়া দিগন্ত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও মাদকমুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় ভাড়ায় চালিত গণপরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ।

আজ বুধবার (২৯ জুলাই) জেলা পরিবহন মালিক সমিতির সহযোগিতায় সরকারি হাসপাতালে এ পরীক্ষা পরিচালনা করা হয়।

রয়েল এক্সপ্রেস, পূর্বাশা, জে আর, চুয়াডাঙ্গা ডিলাক্স, গোল্ডেন লাইন ও বিআরটিসিসহ বিভিন্ন রুটের চালক ও কর্মচারিদের পর্যায়ক্রমে এই পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

পুলিশ সুপার মো: রুহুল কবির খানের পক্ষ থেকে জেলা পুলিশের মিডিয়া বিভাগ দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানায়, ডোপ টেস্টে কারো মাদকসেবনের প্রমাণ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করার পাশাপাশি প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লা ও আঞ্চলিক পরিবহনের কর্মীদের পর্যায়ক্রমে এই ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে।

নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জেলা পুলিশ পরিবহন খাত সংশ্লিষ্টদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—দূরপাল্লার বাসে নির্ধারিত সময় পর পর বাধ্যতামূলক চালক পরিবর্তন, পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা, অসুস্থ বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো এবং অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিং পরিহার করা।

মাদকাসক্ত অবস্থায় যানবাহন চালানো জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে জেলা পুলিশ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত ডোপ টেস্ট ও এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।