ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর ঢাকার ডেমরায় জব্দ

‘গদিগুলোতে একদিকে পাথর আনলোড করা হচ্ছে, অন্যদিকে ক্রাশার মেশিন দিয়ে ভেঙে ফেলা হচ্ছিল; যাতে পাথরগুলো যে ভোলাগঞ্জের তা যেন বোঝা না যায়।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ব্রিফিংয়ে পাথর জব্দের কথা জানায় র‌্যাব
ব্রিফিংয়ে পাথর জব্দের কথা জানায় র‌্যাব |নয়া দিগন্ত

সিলেট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর ঢাকার ডেমরায় জব্দ করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে এসব পাথর জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ আদমজীর ব়্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২০০ থেকে ২৫০ কোটি টাকা। একই সময় প্রায় ৬ লাখ ঘনফুট বালুও লুট হয়েছে, যার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা। স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাট থেকে এসব সাদা পাথর সংগ্রহ করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো।

আরো বলা হয়, অবৈধ উত্তোলন রোধে আইনশৃঙ্খলা বাহিনী এরইমধ্যে ধারাবাহিক অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার সারুলিয়ায় বিপুল পরিমাণ আস্ত ও ক্রাশড পাথর উদ্ধারে অভিযান শুরু করে। সেখান থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার সম্ভব হবে বলে জানান ব়্যাব-১১-এর অধিনায়ক।

ঘটনাস্থলে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এইচ এম সাজ্জাদ বলেন, ‘লুট হওয়া পাথরগুলো কোথায় আনলোড করা হয় তা জানতে গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং এখানে (সারুলিয়া) কয়েকটা গদিতে ভোলাগঞ্জের সাদা পাথর আমরা দেখতে পাই। অন্তত সাতটা গদিতে এ ধরনের পাথর আমরা পাই। শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা গদিগুলোতে একদিকে পাথর আনলোড করা হচ্ছে, অন্যদিকে ক্রাশার মেশিন দিয়ে ভেঙে ফেলা হচ্ছিল। যাতে পাথরগুলো যে ভোলাগঞ্জের তা যেন বোঝা না যায়।’

তবে এসব পাথর লুট এবং মজুদের সাথে সংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি বলেও জানান এ কর্মকর্তা।