নাগরপুরে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে অবৈধ ড্রেজার ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী ও আশপাশের ফসলি জমির পার্শ্ববর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে স্থানীয় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতীর এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করে।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, সরকারি বিধিমালা অমান্য করে পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না। জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



