নিজস্ব প্রতিবেদক ও রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরী পার হওয়ার সময় পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় নিহত বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
বুধবার রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে বাসটি টেনে তোলা হয়।
রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিস জানায়, বাসটি থেকে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ চারজন, নারী ১০ জন ও শিশু দুইজন (ছেলে শিশু-১, মেয়ে শিশু-১)।
এছাড়া এর আগে স্থানীয় জনতা দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ১২টা ৫০ মিনিটে ১৪ জনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাফিজুর রহমান।
কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।
জানা গেছে, বাসটি ঢাকার উদ্দেশে ছাড়ার সময় মাত্র ছয়জন যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। শেষে সে সংখ্যা দাঁড়িয়েছিল ৫০ জনের মতো।



