নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Narail
প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এতে আরো ছয়-সাতজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩) ভোরে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, প্রতিবেশী ফেরদৌস শেখ ও একই গ্রামের ওসিকুর ফকির।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর পক্ষের ওসিবুরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া চারজনের নিহতের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।