ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরষ্কৃত করার ঘোষণা রাবি ছাত্রদল সভাপতির

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের নানা ধরনের সমালোচনা করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী
ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী |নয়া দিগন্ত

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন হুমকি-ধামকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে সোমবার (২২ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল বের হয়। রাবি শাখা ছাত্রদল আয়োজিত এ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের নানা ধরনের সমালোচনা করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘যে স্বৈরাচার বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছে, হত্যা, গুম ও খুন করেছে, তাদের বাংলাদেশের মাটিতে থাকতে দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের পাহারা দিতে হবে। ছাত্রলীগ যাতে বাংলাদেশ তথা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। আওয়ামী লীগ ২৩ জুন তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবে। তাদের মোকাবেলায় আমাদের ফজরের নামাজের পর থেকেই রাজশাহীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে হবে।’

এসময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নানা অপকর্মের কথা উল্লেখ করে তাদের সব কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন।

শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না।’

তিনি আরো বলেন, ‘অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করে, তাহলে দেশের গণতন্ত্রকামী জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আওয়ামী লীগের যেকোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবে।’