মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাংবাদিকের বসতবাড়িসহ একাধিক বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট করার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ সময় প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোস্তফাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিব হাওলাদারের সাথে একই এলাকার সামচু সরদারের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে হাবিব হাওলাদারের বসতবাড়িতে হামলা চালান প্রতিপক্ষ সামচু সরদারের লোকজন। এ সময় দৈনিক দেশ রূপান্তরের মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের বসতবাড়ি, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বসতঘরসহ কমপক্ষে ১০টি বসতবাড়ি ও দোকানপাটে ভাঙচুর-লুটপাট চালায় হামলাকারীরা। আগুনে পুড়িয়ে দিয়েছে একটি রান্নাঘর। একই সময়ে দু’টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে কমপক্ষে ১০ জনকে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইউপি সদস্য হাবিব হাওলাদার (৩৫), তার মা হাসিয়া বেগম (৬০), একই এলাকার মকবুল হাওলাদার (৬০), নাসির হাওলাদার (৪৫), জাকির হাওলাদার (৪২), ইদ্রিস হাওলাদারকে (২৫) মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



