মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মার চরে ধরে আনা মা ইলিশ না দেয়ায় এক জেলেকে গুলি করে হত্যা মামলার আসামি আলিফ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাকে উপজেলার কামারগাও এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আলিফ ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাও এলাকার মরহুম আনোয়ারের ছেলে।
জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিকালে ভাগ্যকুল ইউনিয়নের খোকন মেম্বারের ছেলে রিয়াদ ১০ থেকে ১৫ জনকে নিয়ে চরে এসে জেলেদের কাছ থেকে মা ইলিশ মাছ ছিনিয়ে নিতে চান। এসময় একই এলাকার খালেক সারেংয়ের ছেলে এতে বাধা দিলে রিয়াদ লোকজন নিয়ে চলে আসে এবং খালেক সারেংয়ের বাড়িতে হামলা চালায়। পরদিন রোববার বিকেলে রিয়াদ আরো বেশী লোকজন নিয়ে পুনরায় মাছ নিতে পদ্মার চরে গেলে জেলেরা বাঁধা দেয়। একপর্যায়ে রিয়াদ তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে জেলে রুবেল সরদারের বুকে গুলি করে। জেলেরা ঘটনার পরপরই রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় রুবেল সরদারের বাবা বাবু সরদার শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। মামলার সিআইডি পুলিশের প্রতিবেদন অনুসারে জানা যায়, আলিফ অভিযুক্ত হলেও তিনি পলাতক ছিলেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্তি কর্মকর্তা (ওসি-তদন্ত) মিল্টন দত্ত জানান, আলিফ খানকে কামারগাও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।



