‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রাজকাচারী প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো: মশিউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভূমিসেবা মেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে গফরগাঁও উপজেলার শ্রেষ্ঠ ভূমি করদাতা হিসেবে নির্বাচিত গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
এ সময় এমপি বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
ভূমিসেবা মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।



