মাদারীপুরে জুয়ারিদের রডের আঘাতে নৈশপ্রহরী নিহত

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। এ সময় রাতে বেশ কয়েকজন যুবক ওই মার্কেটের ভেতর প্রবেশ করেন। জাহাঙ্গীরের রুমের ভেতর শুরু করেন জুয়া খেলা। এতে বাধা দেন নৈশপ্রহরী। পরে ক্ষিপ্ত হয়ে একই এলাকার ইউসুফ আকন সাথে থাকা লোকজন নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন জাহাঙ্গীর।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গ
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গ |নয়া দিগন্ত

মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেয়ায় লোহার রডের আঘাতে জাহাঙ্গীর খাঁ নামে এক নৈশপ্রহরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ আকন একই এলাকার মরহুম মতলেব আকনের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। এ সময় রাতে বেশ কয়েকজন যুবক ওই মার্কেটের ভেতর প্রবেশ করেন। জাহাঙ্গীরের রুমের ভেতর শুরু করেন জুয়া খেলা। এতে বাধা দেন নৈশপ্রহরী। পরে ক্ষিপ্ত হয়ে একই এলাকার ইউসুফ আকন সাথে থাকা লোকজন নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন জাহাঙ্গীর।

তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আরো দু’জনকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে ইউসুফ আকন ও তার লোকজনের বিরুদ্ধে। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠান চিকিৎসক। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান জাহাঙ্গীর।

শনিবার বিকেলে লাশ নিয়ে আসা হলে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জুয়া খেলা নিয়ে মারামারিতে এক নৈশপ্রহরী মারা গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।