ফরিদপুরে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

মৃত শিশুরা হলো— রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজা শেখের ছেলে আয়ান (৯ মাস) এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি গ্রামের কামরুল মোল্লার ছেলে আব্দুল্লাহ (৩ মাস)।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Faridpur

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬।

মৃত শিশুরা হলো— রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজা শেখের ছেলে আয়ান (৯ মাস) এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি গ্রামের কামরুল মোল্লার ছেলে আব্দুল্লাহ (৩ মাস)।

শুক্রবার (২৯ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জ্বর, সর্দি-কাশি ও হাম উপসর্গ নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

এ পর্যন্ত জেলায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৭৩১ শিশু।

চলতি বছরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া ১৬ শিশুর মধ্যে ফরিদপুরের ৪ জন, গোপালগঞ্জের ৪ জন, রাজবাড়ীর ৩ জন, মাদারীপুরের ৩ জন এবং মাগুরা ও যশোরের একজন করে শিশু রয়েছে।

ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল্লাহ সায়াদ বলেন, আক্রান্ত শিশুদের অনেকেই জ্বর, শরীরে লালচে দানা, শ্বাসকষ্ট ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আনার কারণে জটিলতা বাড়ছে।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন। হাম প্রতিরোধে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।