ডোবা থেকে বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

ছেলের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে মর্গে পাঠানে হয়েছে। এই ঘটনায় ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
মৃত মারিয়া বেগম শরিফা
মৃত মারিয়া বেগম শরিফা |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় নিখোঁজের ১৫ দিন পর মারিয়া বেগম শরিফা (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বড় ছেলে শহিদুল ইসলাম ও তার স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত বৃদ্ধা শরিফা ওই গ্রামের মরহুম মোজাহার আলীর স্ত্রী।

জানা গেছে, স্বামীর মৃত্যুর পর বড় ছেলে শহিদুলের বাড়িতে থাকতেন শরিফা। নিখোঁজের ১৫ দিন পর সেই বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে হত্যাকাণ্ডে অভিযোগে ছেলে শহিদুল ও পুত্রবধূ খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৃত বৃদ্ধার নাতী শাহীন আলম জানান, তার দাদি বড় ছেলে শহিদুলের বাড়িতে থাকতেন। গত ২৫ মে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তারপর দেরিতে হলেও মেয়ে মর্জিনা বেগম মাকে হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ দাদিকে খোঁজাখুঁজি ও থানায় পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত যোগাযোগ করা হলেও তার বড় চাচা শহিদুলের কোনো ভূমিকা ছিল না। এ নিয়ে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বড় চাচার বাড়ির পাশের ডোবা থেকে দাদির লাশ পাওয়া যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার ওই বৃদ্ধের মেয়ে মর্জিনা মা হারানো বিষয়ে সিংড়া থানায় একটি জিডি করেন। পরে ছেলের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে মর্গে পাঠানে হয়েছে। এই ঘটনায় ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Topics