নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পারিবারিক কলহের জেরে শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে স্ত্রী শান্তাকে হত্যা করেন আমিরুল।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী স্কুলশিক্ষক আমিরুল ইসলাম বাবুকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক (ওসি) মো: কাইউম খান।

দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম বাবু সোনারগাঁ বারদী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি বন্দর গার্লস স্কুলের শিক্ষক ছিলেন।

মামলার বরাতে ওসি কাইউম খান জানান, ২০১৭ সালে আমিনুল ইসলামের সাথে সোনারগাঁ উপজেলার বারদি এলাকার মো: করিম মোল্লার মেয়ে শান্তা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয় এবং শান্তা অন্যত্র বিয়ে করেন। তবে সাত মাস পর আমিরুল ইসলাম পুনরায় শান্তাকে বিয়ে করেন। এরপর থেকে বন্দরের রাজবাড়ি এলাকায় বসবাস শুরু করেন তারা। দ্বিতীয় বিয়ের দুই মাসের মধ্যে আবারো পারিবারিক কলহের জেরে শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে স্ত্রী শান্তাকে হত্যা করেন আমিরুল।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘আসামি আদালতে স্বীকারোক্তিতে বলেছেন, পারিবারিক অশান্তির কারণে স্ত্রী শান্তাকে হত্যা করেছেন। এ ঘটনায় শান্তার বাবা মামলা করেন। বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।’