পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আজ মঙ্গলবার সকালে দেখা মিলেছে ২৪ কেজির একটি বিশাল আকৃতির কোরাল মাছ। মাছটি সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করেন স্থানীয় ব্যবসায়ী গাজী ফিশের স্বত্বাধিকারী মো: বশির গাজী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মাছটি বাজারে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড়ে হৈচৈ পড়ে যায়। মাছটির প্রকৃত ওজন ছিল ২৩ কেজি ৬৫০ গ্রাম। প্রতি কেজি ১ হাজার ৫২০ টাকা দরে মাছটি বিক্রি হয় ৩৫ হাজার ৯৩৮ টাকায়।
বশির গাজী জানান, ‘বড় মাছের চাহিদা কুয়াকাটায় বরাবরই বেশি। আমরা উপকূলীয় এলাকার জেলে ও বড় মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছ সংগ্রহ করি। আজ সুন্দরবন থেকে এই মাছটি এনেছি, চাহিদা থাকায় দ্রুত বিক্রিও হয়ে গেছে।’
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, ‘এই মৌসুম বড় মাছের। ইলিশ, কোরালসহ সামুদ্রিক মাছের সরবরাহ রয়েছে, তবে এত বড় সাইজের মাছ এখন তুলনামূলকভাবে কম আসে। পাঁচ থেকে সাত বছর আগে এমন মাছ বেশি পাওয়া যেত।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি নিষেধাজ্ঞার ফসল। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ ধরতে নেমেছেন। ফলে বড় মাছ ধরা পড়া এখন খুবই স্বাভাবিক।’ সূত্র : বাসস



