লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার ধবলগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্প এলাকায় রাতে গুলির শব্দ শোনা যায়। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এক দফা এবং ভোর ৪টা ৫০ মিনিটে আরো এক দফা গুলি ছোড়া হয়।
সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ হলে বিএসএফ জানায়, সাত থেকে আট বাংলাদেশী নাগরিক সীমান্তে তারকাঁটা বেড়া কাটতে গেলে তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা।
গুলিতে আহত হন আলী হোসেন (৪৯)। পরে বিএসএফের সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে ভারতীয় একটি হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়দের দাবি, এ ঘটনায় আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।



