নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র প্রশান্ত রায়কে তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশান্ত রায় জেলা ছাত্রলীগের লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নেত্রকোনা পৌরসভার মেয়র হওয়ার পর পৌরসভায় নিজ সম্প্রদায়ের নারী-পুরুষদের ঢালাওভাবে নিয়োগসহ দুর্নীতি ও নানান অনিয়মের মাধ্যমে এক অখ্যাত ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থেকে অল্প দিনের ব্যবধানে তিনি শত কোটি টাকাসহ বিপুল সম্পদের মালিক হয়ে যান।
বিগত সময়ে তিনি নানান ধরনের নাশকতা সৃষ্টি করে আধিপত্য কায়েম করেন। জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন। ক্ষমতা হারানোর পরেও স্বাভাবিক পরিস্থিতি ঘোলাটে ও অশান্ত সৃষ্টি করতে সম্প্রতি তিনি শহরে এক ঝটিকা মিছিল বের করেন। এতে ক্ষুব্ধ ছাত্র-জনতা তার বাসায় হামলা ও ভাঙচুর চালায়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ্ নেওয়াজ নয়া দিগন্তকে বলেন, ‘প্রশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা থাকায় রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে টঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে নেত্রকোনার আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।’



