মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সারা দেশের মতো ৪ লাখের বেশি জনবসতির চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা দেয়ার কার্যক্রম চালু হয়। কিন্তু এ সেবা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা না থাকায় তা কোনো কাজে আসছে না। শুধু কি তাই, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজন কুমার দাস নিজেই তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুঠোফোনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে কিছু জানেন না।
জানা গেছে, ২০০৯ সালের মে থেকে সরকার দেশের ৪১৮টি জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে। জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে একটি করে মুঠোফোন দেয়া হয় (নম্বর: ০১৭৩০-৩২৪৮৩৫)।
নিয়ম অনুযায়ী একজন মেডিক্যাল কর্মকর্তার দিন-রাত ২৪ ঘণ্টা ওই মুঠোফোনের মাধ্যমে জনগণকে জরুরি চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচার বা প্রদর্শনে উদ্যোগী না হওয়ায় এই কার্যক্রম একদম অকার্যকর বললেই চলে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সি জানান, এ ধরনের জরুরি সেবার ব্যবস্থা হাসপাতালে আছে কি না তা তারা জানেন না।
চাঁদপুর জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক ডা: মাহবুবুর রহমান জানান, সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এই কার্যক্রমটি চালু রয়েছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত চমৎকার একটি ব্যবস্থা। তবে মাঠ পর্যায়ে প্রচারণার অভাবে এটি মুখ থুবড়ে পড়েছে।



