চান্দিনায় দুর্বৃত্তকারীদের হামলায় গৃহকর্ত্রী নিহত

পূর্ব শত্রুতা জের ধরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। পার্শ্ববর্তী বাসিন্দাদের সাথে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরূপ চলে আসছে।

Location :

Cumilla
মৃত বীনা রানী রায়
মৃত বীনা রানী রায় |নয়া দিগন্ত

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় দুর্বৃত্তকারীদের হামলায় বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

নিহতের ছেলে তাপস রায় বলেন, ‘আমার মা প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে ঘরে টিভি দেখছিলেন। এমন সময় দুর্বৃত্তকারীরা ঘরে ঢুকে মায়ের মাথায় পিটাতে থাকে। মায়ের চিৎকার শুনে ঘরের আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তবে কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম বলেন, ‘স্থানীয়ভাবে যেটুকু জেনেছি পূর্ব শত্রুতা জের ধরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। পার্শ্ববর্তী বাসিন্দাদের সাথে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরূপ চলে আসছে।’

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান এ বিষয়ে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই ঘটনা, বা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি। আমাদের একাধিক টিম রহস্য উদঘাটনসহ দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে কাজ করছে।