সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ডেলিভারি ভ্যানে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু রায়হানের।
স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



