তুরস্কের সিভাস বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে নোবিপ্রবি ভিসির সনদ প্রদান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্টাফ মোবিলিটি ফর টিচিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায়, তুরস্কের সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তিন শিক্ষককে সনদ ও স্মারক প্রদান করা হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
তুরস্কের সিভাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের প্রধান ড. কাগান কোকতেনের হাতে স্মারক তুলে দেন নোবিপ্রবি ভিসি ও প্রো-ভিসি
তুরস্কের সিভাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের প্রধান ড. কাগান কোকতেনের হাতে স্মারক তুলে দেন নোবিপ্রবি ভিসি ও প্রো-ভিসি |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্টাফ মোবিলিটি ফর টিচিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায়, তুরস্কের সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তিন শিক্ষককে সনদ ও স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সনদ ও স্মারক তুলে দেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে ভিসি ড. গোলাম রব্বানী বলেন, স্টাফ মোবিলিটি কর্মসূচি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা জোরদার, আন্তর্জাতিকীকরণ কার্যক্রম সম্প্রসারণ এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধিতেও সহায়ক হবে।

তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। নোবিপ্রবি ভিসি বলেন, বাংলাদেশ ও তুরস্কের শিক্ষাবিদ-গবেষকদের মধ্যে জ্ঞান, গবেষণা-অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে নোবিপ্রবি প্রো-ভিসি ও ইন্টারন্যাশনাল কোলাবরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (আইসিইএ) অফিসের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকী ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে সফররত শিক্ষকগণ নোবিপ্রবির কৃষি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পাঠদান, বিশেষ বক্তব্য, অ্যাকাডেমিক মতবিনিময় এবং জ্ঞান ও গবেষণা-অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেন। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও ভবিষ্যৎ অ্যাকাডেমিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

স্টাফ মোবিলিটি ফর টিচিং কর্মসূচির আওতায় ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত নোবিপ্রবিতে অবস্থান করবেন সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তিন সদস্যের ওই প্রতিনিধি দল।

দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (ভাইস রেক্টর) এবং কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের কৃষি ও কৃষি রোবট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাগান কোকতেন। দলের অন্য সদস্যরা হলেন কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও ইরাসমাস ইনস্টিটিউশনাল কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ আসিম এবং কৃষি ও কৃষি রোবট বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিকরেত সাইগিন।