সোশ্যাল মিডিয়ায় লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ১০ তরুণকে জিম্মি করে নির্যাতনের অভিযোগে অপহরণ চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার এবং রূপগঞ্জ থেকে জিম্মি ১০ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে র্যাব-১১।
এর আগে মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের তারাব পৌরসভার উত্তর রূপসী (কলাবাগান) এলাকায় র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— চট্টগ্রাম চন্দনাইশের মরহুম আকমল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৯) ও পটুয়াখালীর রাঙ্গাবালীর আব্দুল মান্নানের ছেলে অমিত হাসান (২৩)। সিরাজুল এই প্রতারক ও অপহরণ চক্রের মূলহোতা বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যেকোনো শপিংমলে সেলসম্যান’ পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কাজ নিতে আসেন ১০ তরুণ। তাদের নারায়ণগঞ্জের উত্তর রূপসী এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে চাকরি দেয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে প্রসেসিং ফি বাবদ ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জোরপূর্বক হাতিয়ে নেয় চক্রটি।
র্যাব আরো জানায়, টাকা নেয়ার পর তাদের চাকরি না দিয়ে ওই বাসার একটি কক্ষে টানা ৩-৪ দিন অনাহারে আটকে রাখা হয়। ভিকটিমদের খাবার ও পানি না দিয়ে জিম্মি রেখে স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের অপচেষ্টা চালায় তারা। ভিকটিমরা সেখান থেকে চলে যেতে চাইলে বা খাবার দাবি করলে তাদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হতো।
র্যাব-১১ এর নারায়ণগঞ্জের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রূপগঞ্জ থানা পুলিশকে সাথে নিয়ে মঙ্গলবার বিকেলে রূপসী এলাকায় কলাবাগানের ওই বাসায় যৌথ অভিযান চালায়। তথ্যের ভিত্তিতে সেখান থেকে হাতেনাতে চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় জিম্মি ১০ যুবককে।



