আব্দুল আউয়াল মিন্টু

ঋণ খেলাপী বা ব্যাংক থেকে ঋণ মাফ নিয়েছি এটার প্রমাণ কেউ দিতে পারবে না

উপজেলার প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
মতবিনিময় করছেন আব্দুল আউয়াল মিন্টু
মতবিনিময় করছেন আব্দুল আউয়াল মিন্টু |নয়া দিগন্ত

ফেনী-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘ব্যবসায় বিনিয়োগ করি মানুষের কর্মসংস্থানের জন্য। ব্যবসায় বিনিয়োগ শুধু মুনাফার জন্য নয়, এটা সেবাও বটে। আমি ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। ব্যাংক থেকে ঋণ নিয়েছি। পরিশোধ করেছি। কখনো এক টাকা ঋণের টাকা মওকুফ চাইনি। আমাকে ঋণ খেলাপী বা ব্যাংক থেকে ঋণ মাফ নিয়েছি এটার প্রমাণ কেউ দিতে পারবে না।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমার বিরুদ্ধে এপস্টেইন নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, অথচ সেখানে যাওয়ার আমার কোনো সামর্থ্যই নেই। সেখানে বিল গেটস, ক্লিনটন ও বিশ্বের ধনীদের নাম এসেছে। তারা এখন আমার নামে অপপ্রচার করছে।’

সোনাগাজীতে গ্যাস সংযোগ, উচ্চ শিক্ষার ব্যবস্থা, মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুলে আন্ডার পাস, অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান, রাস্তা-ঘাট উন্নয়নসহ জনগণ থেকে সংগৃহিত সকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও প্রার্থীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সলিম উল্যাহ মেজবাহসহ সোনাগাজীতে কর্মরত সাংবাদিকরা।