লংগদুতে মাহিন্দ্রা-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

সোনাই ৫ নম্বর থেকে আসা অটোরিকশাটি দ্রুতগতিতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সাথে সংঘর্ষে ঘটায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা
দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদুতে মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিফাত নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্রা এবং সোনাই ৫ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রিফাতের মৃত্যু হয়। আহত বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোনাই ৫ নম্বর থেকে আসা অটোরিকশাটি দ্রুতগতিতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সাথে সংঘর্ষে ঘটায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং সকল যাত্রী আহত হন। তবে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা নিরাপদ ছিলেন।

অটোমালিক সমিতির সভাপতি দুলাল বলেন, ‘চালক বরকত তাদের সমিতির সদস্য নন। তিনি সম্প্রতি অটোরিকশাটি কিনেছেন এবং রাস্তায় চালানোর বিষয়ে সমিতিকে অবহিত করেছিলেন।’

তিনি জানান, গাড়ি কেনার দিনই সেটি একবার পাহাড়ের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। এরপরও সমিতির পক্ষ থেকে ঘটনার খোঁজখবর নেয়া হচ্ছে।

মাহিন্দ্রা মালিক সমিতির প্রতিনিধি জামাল হোসেন জানান, তাদের মাহিন্দ্রাটি সকাল ৬টার দিকে যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা দেয়। নাজিম টিলায় দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ঘটনাস্থলের চিত্র এবং যাত্রীদের বক্তব্যে অটোরিকশাটি বিপরীত লেনে চলে এসেছিল বলে জানা গেছে।

অপরদিকে, অটোরিকশার সকল যাত্রী আহত অবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় জড়িত যানবাহন দু’টি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’