আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উপলক্ষে মদপানে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
আত্রাই থানা, নওগাঁ
আত্রাই থানা, নওগাঁ |নয়া দিগন্ত

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উপলক্ষে মদপানে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুত্বর অসুস্থ অবস্থায় আরো তিন যুবক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে। মৃত নাইম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নাইম ইসলামের ভগ্নিপতি আরিফুল ইসলাম জানান, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে আজ (বুধবার) বেলা ১০টা নাগাদ নাইমসহ ওই গ্রামের আরো তিন হিন্দু যুবক স্পিরিটের বোতলে করে মদপান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলাম বিকেল ৫টা নাগাদ মারা যায়।

এছাড়া ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র(২৬) গুরুত্বর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মদপানে অসুস্থ অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং নাইম নামে একজন মারা গেছে এমনটি শুনেছি। রাত পৌনে ৯টা নাগাদ বিষয়টি ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।