মুন্সীগঞ্জ–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন জানিয়েছেন, তিনি মন্ত্রীত্বের প্রত্যাশা করেন না; জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নেই মনোযোগ দিতে চান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘রাজনীতির মূল লক্ষ্য জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। মন্ত্রী হওয়া সম্মানের বিষয় হলেও সেটি তার ব্যক্তিগত লক্ষ্য নয়।’
সুযোগ থাকলেও তিনি কোনো পদ বা চেয়ার চাননি বলেও উল্লেখ করেন।
সাংবাদিকদের উদ্দেশে এমপি রতন বলেন, ‘গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমি যদি কোথাও ভুল করি বা দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে তা লিখবেন। চুপ থাকবেন না।’
এমপি রতন বলেন, ‘ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি মানুষের মতামতকে সম্মান করতে শিখেছেন। নির্বাচনের আগে কখনো মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দেননি এবং এখনো সে বিষয়ে সময় নষ্ট করতে চান না।’
কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চান বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘পদমর্যাদার চেয়ে দায়িত্ব পালনই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একজন জনপ্রতিনিধির আসল পরিচয় তার কাজেই প্রতিফলিত হয়।’
মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ, সুলতান আহমদ ও অ্যাডভোকেট রোজিনা আক্তার বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি। এ সময় প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।



