বান্দরবানে ১০৯৭ পরিবারকে দেয়া হলো ফ্যামিলি কার্ড

সমতল এলাকার তুলনায় পিছিয়ে রয়েছেন পাহাড়ের নারীরা। ফ্যামিলি কার্ড তাদের পরিবারের সচ্ছলতার পাশাপাশি নারীর ক্ষমতায়নে অত্যন্ত ভূমিকা রাখবে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবানে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান
বান্দরবানে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান |নয়া দিগন্ত

পার্বত্য জেলা বান্দরবানে এক হাজার ৯৭ পরিবারকে দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রত্যন্ত ২ নম্বর ওয়ার্ড হারগাজা এলাকায় প্রান্তিক পরিবারদের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে লামা উপজেলা কমপ্লেক্সে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো: আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মিলটন মুহুরী প্রমুখ।

এদিকে, ফ্যামিলি কার্ড পেয়ে খুশি উপকারভোগীরা। তারা জানিয়েছেন, সমতল এলাকার তুলনায় পিছিয়ে রয়েছেন পাহাড়ের নারীরা। ফ্যামিলি কার্ড তাদের পরিবারের সচ্ছলতার পাশাপাশি নারীর ক্ষমতায়নে অত্যন্ত ভূমিকা রাখবে।

বিতরণ অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য বিবেচনে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে কোনোভাবেই এ সরকারের আমলে দুর্নীতি-অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের জন্য আমরা কাজ করতে এসে কোনোভাবেই যাতে আমাদের বদনাম না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে।’

পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে পার্বত্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে, প্রথম পর্যায়ে ৮০০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। তিন পার্বত্য জেলার মধ্যে পাইলটিং পর্যায়ে বান্দরবানের ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম হারগাজা এলাকাকে নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে প্রতিটি উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।