দাগনভূঞায় ডোবা থেকে অপহৃত শিশুর লাশ উদ্ধার

হাসান নিখোঁজ হওয়ার পর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। অপহরণকারীরা প্রথমে ১২ হাজার টাকা এবং পরে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
মৃত শিশু হাসান
মৃত শিশু হাসান |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় অপহরণের দু’দিন পর ১৮ মাস বয়সী শিশু হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাসানের বাবা তারেক রহমান তারা চাঁদপুরের বাসিন্দা। তারা দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আমানুল্লাহপুর দাসপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

তার মা নিপু নয়া দিগন্তকে বলেন, ‘শনিবার দুপুরে আমার ছেলে উঠানে খেলতে যায়। পরে আমরা তাকে অনেক খোঁজাখুজি করেও পাইনি। পরে থানায় জিডি করেছি। হাসান নিখোঁজ হওয়ার পর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। অপহরণকারীরা প্রথমে ১২ হাজার টাকা এবং পরে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ফোন কল পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছিলাম। আমরা টাকা দিতে রাজিও হয়েছিলাম। পরে দেখি তাদের ফোন বন্ধ। সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।’

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান বলেন, ‘পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ধারণা করছি ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।’