নোয়াখালী অফিস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘দেশের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। তোমরা দেশ ও দেশের মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে দায়িত্ব পালন করবে।’
তিনি বলেন, ‘তোমাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তোমরা বড় স্বপ্ন দেখবে এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করবে। একই সাথে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ধারণ করবে।’
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



