আলোকিত লালমনিরহাট গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান : ত্রাণমন্ত্রী

লালমনিরহাটকে আরো পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নয়নবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাট জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
লালমনিরহাট জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু |নয়া দিগন্ত

লালমনিরহাটকে আরো পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নয়নবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৩১ জুলাই) রাতে লালমনিরহাট জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত "আলোকিত লালমনিরহাট"-এর মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সচেতনতা, আইনশৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ত কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

ত্রাণমন্ত্রী বলেন, "একটি আলোকিত, আধুনিক ও মানবিক লালমনিরহাট গড়তে সবার সম্মিলিত অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।"

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মুহা. রাশেদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় "আলোকিত লালমনিরহাট" উদ্যোগের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরা হয়।