টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় আবারো আগুন, গ্যাসের গন্ধে অসুস্থ ৫ শ্রমিক

টাম্পাকো ফয়েলস কারখানায় ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত হন এবং অনেক শ্রমিক আহত হন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল গ্যাসের গন্ধে অসুস্থ পাঁচজন শ্রমিক
আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল গ্যাসের গন্ধে অসুস্থ পাঁচজন শ্রমিক |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত টাম্পাকো ফয়েলস কারখানায় আবারো আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল গ্যাসের গন্ধে পাঁচজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। তবে কারখানার ভেতরে থাকা নিজস্ব আগুন নির্বাপণ ব্যবস্থার কারণে দ্রুত পদক্ষেপ নেয়া সম্ভব হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ফায়ার টিম প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অসুস্থ শ্রমিকরা হলেন- মেশিন অপারেটর রবিন (২৮), কালাম শেখ, মুস্তাফিজ, তানভীর আহমেদ (২৪) ও মামুন (৩৫)। তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা: নাফিস মজিদ জানান, আগুন নেভানোর সময় কেমিক্যাল গ্যাসের গন্ধে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দেখা যায়, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ডাম্পিংয়ের কাজ সম্পন্ন করেন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত টাম্পাকো ফয়েলস কারখানায় ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত হন এবং অনেক শ্রমিক আহত হন। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা কয়েকদিন ধরে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালান। উদ্ধার অভিযানের সময় ধ্বংসস্তূপ থেকে একাধিক দেহাবশেষ ও কঙ্কাল উদ্ধার করা হয়, যাদের অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি দেশের শিল্পখাতের অন্যতম বড় দুর্ঘটনা হিসেবে আলোচিত হয়েছিল।