গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মো: রহমত আলী (৫৩) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ও মো: রনি মোড়ল (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাতে পুলিশের পৃথক অভিযানে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও গাজীপুরের কালীগঞ্জ থানার চাঁন্দেরবাগ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মো: রহমত আলী ওরফে রহমত মিস্ত্রি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকার মরহুম আমান উল্লাহর ছেলে। অন্যদিকে, মো: রনি মোড়ল উপজেলার বালিয়াভিটা এলাকার রাজু মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালীগঞ্জ থানার একটি দল কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার সহযোগিতায় চরকশিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ হাবিবুল্লাহর বাড়ি থেকে রহমত আলীকে গ্রেফতার করে। ২০২৫ সালের আগস্ট মাসের ২০ তারিখে গ্রেফতারী পরোয়ানা পেয়ে রহমত আলীর অবস্থান নির্ণয়ে কাজ করে যাচ্ছিল পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থানের বিষয়ে তারা নিশ্চিত হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে রূপগঞ্জ থানার মাওনা গ্রামের নুরুল হকের রাইস মিলে (চাতালে) কাজ করার সময় ওই রাইস মিলের মালিক নুরুল হক নুরকে হত্যা করে মো: রহমত আলী। এ ঘটনায় রূপগঞ্জ থানার হত্যা মামলায় মো: রহমত আলীর যাবজ্জীবন সাজা হয়।
হত্যার পর থেকে আসামি পলাতক ছিল। এ সময় গ্রেফতার এড়াতে নিজ জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ঠিকানা পরিবর্তন করে। পরিচয় গোপন করে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন চরকশিয়া গ্রামে হাবিবুল্লাহর মেয়ে আলপনাকে বিয়ে করে সংসার করতে থাকে। তাদের সংসারে দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
অন্যদিকে, রনি মোড়লকে উপজেলার জামালপুর ইউনিয়নের চাঁন্দেরবাগ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক কারবার ও চিহ্নিত ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।



