পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সংগঠনের উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এনএন সরকারি হাইস্কুল মাঠ থেকে কয়েক হাজার নারী নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল মাঠ এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন, পঞ্চগড়-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর স্ত্রীসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও জামায়াতের নারী বিভাগের নেত্রীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা নির্বাচনকালীন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, দেশের জনগণ যাতে তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, সে জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন।
সমাবেশে বক্তারা আরো বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তারা নারী সমাজের প্রতি আহ্বান জানান।



