গাইবান্ধায় মাওলানা আব্দুল হালিম

৭০ শতাংশ মানুষ গণভোটের রায়ের বাস্তবায়ন চায়

‘এদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের রায় বাস্তবায়ন চায়। অথচ বিএনপি জাতীয় নির্বাচন মানলেও গণভোটের রায় মানে না।’

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
গাইবান্ধায় মাওলানা আব্দুল হালিম
গাইবান্ধায় মাওলানা আব্দুল হালিম |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘এদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের রায় বাস্তবায়ন চায়। অথচ বিএনপি জাতীয় নির্বাচন মানলেও গণভোটের রায় মানে না। তারা সবসময় সংবিধানের দোহাই দেয়। আমাদের প্রশ্ন, আপনারা যে সংবিধানের দোহাই দেন, সে অনুযায়ী তো ২০২৯ সালের জাতীয় নির্বাচন হওয়ার কথা। বিএনপি মানুষের ভোটের সাথে প্রতারণা করেছে। তাই এই প্রতারণার ফল আগামীতে তারা পাবে।’

শুক্রবার (২৪ জুলাই) গাইবান্ধা জেলা জামায়াত আয়োজিত উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম আরো বলেন, ‘দেশের জাতীয় নির্বাচন ভালো পরিবেশে অনুষ্ঠিত হলেও এর ফলাফল জালিয়াতি করা হয়েছে। জনগণ জামায়াতকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে কিন্তু ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতকে পরাজিত করা হয়েছে। তবে এই পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য হারালে চলবে না। আগামী দিনে এদেশের জনগণের মন জয় করেই জামায়াতে ইসলামী ক্ষমতার মসনদে বসবে।’

গাইবান্ধা জেলা জামায়াত আয়োজিত এই গুরুত্বপূর্ণ শিক্ষাশিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর আব্দুল করিম, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

শিক্ষাশিবির অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা: আব্দুল রহিম, জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মাজেদুর রহমান এমপি, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এমপি, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো: সৈয়দ রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি মো: ফয়সাল কবীর এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা খায়রুল আমীন ও জনাব সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মপরিষদ সদস্যরা অংশ নেন। বক্তারা আগামী দিনে জনগণের অধিকার আদায় এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরো বেশি ঐক্যবদ্ধ ও তৎপর হওয়ার আহ্বান জানান।