এনসিপি ও বিএনপির সমাবেশকে ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

এনসিপি ও বিএনপির সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। এ সময় হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক লোক কোনো সমাবেশ করাতে পারবেন না। মাইকিং মিছিল ইত্যাদিও নিষিদ্ধ করা হয়।

এম এ মজিদ, হবিগঞ্জ

Location :

Habiganj
ফাইল ছবি

হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের এক লিখিত আদেশে ১৪৪ ধারা ঘোষণা করা হয়।

ঘোষণায় বলা হয়, এনসিপি ও বিএনপির প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় যানমালের ক্ষতি, আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা করা হয়েছে। ১৪৪ ধারা বলবৎ থাকাকালে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক লোকের কোনো সমাবেশ করা যাবে না। মাইকিং মিছিল ইত্যাদিও নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এনসিপি নেতারা হবিগঞ্জ শহরের প্রধান সড়কে পদযাত্রা করেন। পদযাত্রা শেষে ফেরার পথে রাতে শহরের কোর্ট মসজিদের সামনের রাস্তায় এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের গাড়ি বহরে হামলা করা হয়। এতে সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

আজ বুধবার হবিগঞ্জ শহরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশের ঘোষনা দেয়া হয়। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদল শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষনা করে। উভয়পক্ষ মুখোমুখি অবস্থানের ফলে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়।