মানিকগঞ্জে এগ্রোইকোলজি মেলা, নদীর প্রবাহ সংকট চিহ্নিতকরণ এবং মাঠ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সদর উপজেলার মান্তা মাঠে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এবং মানিকগঞ্জ গ্রিন কোয়ালিশনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেলায় স্থানীয় জাতের বীজ, কৃষিযন্ত্র, অচাষকৃত উদ্ভিদ, নিরাপদ খাদ্য ও বিভিন্ন ধরনের মাটির নমুনা প্রদর্শন করা হয়। কৃষি প্রাণবৈচিত্র্যভিত্তিক ১০টি স্টলে দেশীয় ফল, ফসলের শতাধিক বীজ ও চারা উপস্থাপন করা হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন কোয়ালিশনের সদস্য হোসেন আলী মাস্টার এবং মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়। এতে আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান ও এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাঠ পরিদর্শনে অংশ নেয়া প্রতিনিধিরা স্থানীয়দের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই কৃষি ব্যবস্থা এবং ইছামতি, কালিগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি প্রবাহের বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় করেন। এ সময় নদীগুলোর বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার বিষয়টি চিহ্নিত করা হয়, যা কৃষি উৎপাদনে প্রভাব ফেলছে বলে জানান স্থানীয়রা।
আলোচনা সভায় বক্তব্য দেন—স্থানীয় কৃষক প্রতিনিধি মো: নজরুল, জয়নগর কৃষাণি সংগঠনের সভাপতি দিপালী রানী বিশ্বাস, মান্তা নারী সংগঠনের সভাপতি বিউটি আক্তার, কৃষক ঐক্য সংগঠনের সাধারণ সম্পাদক সুশীল বিশ্বাস, বারসিক কর্মকর্তা সুবীর সরকার, মুকতার হোসেন এবং ইউপি সদস্য মো: আতোয়ার হোসেন।
বক্তারা নদীগুলোর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, সুইচগেট নির্মাণ এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও ফসলের বৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানায়।



