চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাল্যবিবাহের আয়োজন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়া হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
বাল্যবিবাহের আয়োজন
বাল্যবিবাহের আয়োজন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক অভিযানে একটি বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দেয়া হয়েছে। এ সময় ছেলে পক্ষের অভিভাবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়রামপুর কলনীপাড়া এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীর সাথে বাল্যবিবাহের আয়োজন করা হয়।

দামুড়হুদা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার জয়রামপুর কলনীপাড়া এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন করে কিশোরীর বাবা জমসেদ আলী ও মা মরিয়ম নেছা।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়া হয়।

এ ঘটনায় ছেলে পক্ষ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাবদিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে জুবায়ের হোসেনের (২৫) সাথে বিয়ে ঠিক হয়। বাল্যবিবাহর আয়োজন করার অপরাধে ছেলের গার্জিয়ান তার মা জামিলা আক্তারকে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। কিশোর-কিশোরীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।