বগুড়া অফিস ও দুপচাচিয়া সংবাদদাতা
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মো: আফতাব হোসেন (৭০) ও তার পুত্রবধূ মোসা: রিভা খাতুনের (২৮) গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
মো: আফতাব হোসেন ওই গ্রামের মরহুম পানা উল্লাহা প্রামাণিকের ছেলে এবং রিভা খাতুন তার বড় সৌদি আরব প্রবাসী শাহজাহানের স্ত্রী।
স্বজনরা জানায়, আফতাব হোসেনের দুই ছেলে ও দুই মেয়ে। দুই ছেলের মধ্যে বড় শাহজাহান, তিনি বেশ কয়েক বছর আগে সৌদি আরব গেছেন। তার স্ত্রী রিভা ছেলে নীরব ও মেয়ে মালিহাকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় থাকেন।
জানা গেছে, প্রতিদিনের মতো আফতব হোসেন মঙ্গলবার রাতে বাড়িতে তার ঘরে এবং রিভা তার পাঁচ বছর বয়সী মেয়ে মালিহাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা ও গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুর আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। দু’জনকে মৃত দেখার পর তারা পুলিশকে খবর দেয়। বুধবার সকালে রিভার ঘরের আসবাবপত্রগুলো তছনছ দেখা গেছে।
স্বজনরা জানিয়েছেন, দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। তবে হত্যাকাণ্ডের কোণো কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি।
তবে স্বজনদের কেউ কেউ বলছেন, আফতাব হোসেনের সাথে জমি-জমা নিয়ে এলাকাবাসীর বিরোধ রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের পেছনে পূর্ব-শত্রুতা বা কিংবা অন্য উদ্দেশ- সব দিক বিবেচনায় তদন্ত চলছে।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



