মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের স্ত্রী ন্যাপের সাবেক সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য আমিনা আহমদ মারা ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
আমিনা আহমদ ইডেন কলেজে পড়ার সময় ৫২-এর ভাষা আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। মহান মুক্তিযুদ্ধেও তিনি সংগঠকের ভূমিকা পালন করেন। এছাড়া ২০০৯ ও ২০১৪ সালে গঠিত সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ন্যাপের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ও দেবিদ্বার উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তি জানান, ঢাকায় মরহুমার প্রথম জানাজা শেষে তাকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে আনা হবে। সেখানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে স্বামী অধ্যাপক মোজাফফর আহমদের সমাধির পাশে দাফন করা হবে।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



